জগন্নাথপুর প্রতিনিধি | ২১ ফেব্রুয়ারী, ২০১৮
সুনামগঞ্জের জগন্নাথপুরে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদদের স্মরণ করেছে জগন্নাথপুরবাসী।
ফুল হাতে সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করছে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ হাজারো সাধারণ মানুষ।
রাত ১১ ঘটিকা থেকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনারে।
শহীদ দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ'র নেতৃত্বে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যে দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।
এদিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের নজির আলীর প্রথম পুত্র ইতালি (সিসিলি) আওয়ামীলীগ নেতা মজনু আলীর অর্থায়নে নবনির্মিত মজিদপুর শহীদ মিনারে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রথম প্রহরে নবনির্মিত মজিদপুর শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা স্থানীয় বাসিন্দা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান সুমন জানান, নিজ গ্রামে প্রথমবারের মত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমরা আনন্দিত। বিশেষ করে শহীদ মিনার স্থাপন করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই ইতালি প্রবাসী মজনু আলীকে।