Sylhet Today 24 PRINT

জঙ্গিদের পুলিশে নিয়োগ দিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার: সমাজকল্যাণ মন্ত্রী (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জুন, ২০১৫

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার তোফায়েল আহমেদের বিরুদ্ধে গুরুতর  দুর্নীতির অভিযোগ করেছেন খোদ সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। সম্প্রতি পুলিশে নিয়োগের সময় অন্তত ১০০-১৫০ জনের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা করে নিয়ে জামায়াত, বিএনপি ও জঙ্গিদের  নিয়োগ দিয়েছেন তিনি।  দলীয় লোকদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন এই পুলিশ সুপার । এছাড়াও পুলিশের রেশন বিক্রি করে লাখ লাখ টাকাও হাতিয়ে নিয়েছেন তিনি।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, এই পুলিশ সুপার কতবড় করাপ্ট, তোফায়েল। সে সাড়ে ৩ লাখ টাকার বিনিময়ে ১০০ থেকে ১৫০ জন জামায়াত, বিএনপি এমনকি জঙ্গিদের রিক্রোট করেছে কিন্তু আওয়ামীলীগের কাউকে করেনি। শহীদ মুক্তিযোদ্ধার সন্তানরাও তার কাছে স্থান পায়নি।

মৌলভীবাজার চক্ষু হাসপাতালের একটি অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী পুলিশ সুপার সম্পর্কে এসব কথা বলেন। শনিবার দুপুর ২টায় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের শিশু ওয়ার্ডের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারন সম্পাদক এড. এম ইয়াহিয়া মুজাহিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যান মন্ত্রী বলেন, সম্প্রতি জেলা আইন শৃংখলা কমিটির সভায় এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসন, র‌্যাব, আনসারদের দায়িত্বে অবহেলা ও দূর্নীতি সম্পর্কে কথা বলায় কিছু গনমাধ্যমে লেখালেখি হচ্ছে। এসবের বিরুদ্ধে মৌলভীবাজারবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

এ সময় মন্ত্রী আরো বলেন, হবিগঞ্জ রশীদপুর গ্যাস ক্ষেত্রে চাঁদাবাজির জন্য এক মাস কাজ বন্ধ ছিলো। এ বিষয়টি র‌্যাবকে লিখিত অবগত করার পরও র‌্যাব না যাওয়ায় আইন শৃংখলা কমিটির সভায় র‌্যাবকে শাসন করার কথা বলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.