Sylhet Today 24 PRINT

সিলেটে ধেয়ে আসছে বন্যা, ঢলে নিন্মাঞ্চল প্লাবিত

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জুন, ২০১৫

টানা বর্ষনে বেড়ে চলছে সুরমা নদীর পানি

গত কয়েকদিনের টানা বৃষ্টির কারনে বেড়েই চলছে সিলেট নদ-নদীগুলোর পানি। ফলে এবছর বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যেই দুটি পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি আরো কয়েক দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, পাহাড়ি ঢলের কারনে সিলেটের নিন্মাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জসহ সীমান্তবর্তী কয়েকটি এলাকায় বিস্তির্ন জনপদ তলিয়ে গেছে পানিতে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।

তবে সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানিয়েছেন, ঢল থামলেই কেটে যাবে এ পানি। বন্যা পরিস্থিতি মোকোবেলায় প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

শনিবারও সকাল থেকে সিলেটে চলছে টানা বৃষ্টি। বৃষ্টির কারনে নগরীর অনেক স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। নগরীর উপশহর, তেররতন, ছড়ারপাড়, মাছীমপুরসহ কয়েকটি নিচু এলাকায় তিনদিন ধরে জমে আছে।


সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় সিলেটে ৪৩.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে আরো কয়েকদিন বৃষ্টি হতে পারে জানিয়েছেন আবহাওয়াবিদ সাঈদ আহমদ।

এদিকে, সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ ও কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে .৪৭ সেন্টিমিটার ও কানাইঘাটে .১৬ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমার পানি। সিলেটেও সুরমা নদীর পানি বিপদসীমা ছুঁইছুঁই করছে। বৃষ্টি অব্যাহত থাকলে সিলেটেও সুরমা নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.