সিলেটটুডে ডেস্ক | ২১ ফেব্রুয়ারী, ২০১৮
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারের লার্নিং পয়েন্ট ক্যাডেট একাডেমিতে ‘সামাজিক আন্দোলন ও স্বেচ্ছাসেবী ফোরাম’ নামের একটি সংগঠনের উদ্যোগে বুধবার বেলা চারটায় তিন দিনব্যাপী বইমেলা ও বইপড়া উৎসবের উদ্বোধন হয়েছে।
উৎসবের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিরা বইপড়া উৎসবের উদ্বোধন করেন। এ পর্বে চৈতন্য থেকে এবারের বইমেলায় প্রকাশিত লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশের ‘কিশোর-প্রবন্ধ’ বইটি শতাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, বাউল বশিরউদ্দিন সরকার, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুণ, অধ্যক্ষ হাবিুর রহমান প্রমুখ বক্তব্য দেন। শিক্ষানুরাগী কাজী আবদুল বাছিতের সভাপতিত্বে ও মেলার সমন্বয়কারী শেখ কায়সার আহমেদের সঞ্চালনে এ অনুষ্ঠান হয়। মেলা উৎসর্গ করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রয়াত মো. হাবিবুর রহমানকে। বইমেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। এ ছাড়া প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধকের বক্তৃতায় এনামুল হাবীব বলেন, ‘শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি জ্ঞান আহরণের জন্য অন্যান্য বইও পড়তে হবে। কারণ একমাত্র বইই প্রকৃত মানুষ হিসেবে একজন ব্যক্তিকে গড়ে তুলতে পারে। বই মানুষের জীবনের প্রকৃত বন্ধু, সেটি তরুণ প্রজন্মকে মাথায় রাখতে হবে।’