Sylhet Today 24 PRINT

জিন্দাবাজার এবং উপশহর এলাকায় ৪জি চালু করলো গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটের দুটি এলাকায় ৪জি সেবা চালু করেছে গ্রামীণফোন। বৃহস্পতিবার নগরের একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু করা হয়।

গ্রামীণফোনের ডেপুটি সিইও ইয়াসির আজমান আনুষ্ঠানিকভাবে ৪জি চালু করার ঘোষণা দেন। গ্রামীণফোনের সিলেট সার্কেল প্রধান এএসএম হেদায়েতুল হক এসময় উপস্থিত ছিলেন।

সংশ্লিস্টরা জানান, বর্তমানে সিলেটের জিন্দাবাজার এবং উপশহর এলাকায় ৪জি সেবা চালু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সিলেটের আরো এলাকা ৪জি কাভারেজের আওতায় আসবে। ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকাতেও ৪জি চালু আছে। বেশিরভাগ বিভাগীয় শহরে অচিরেই ৪জি চালু হবে। আগামী ছয় মাসের মধ্যেই সব জেলা শহরে ৪জি পৌছে যাবে।

৪জি সেবা চালু করার সময় ইয়াসির আজমান বলেন,"গ্রামীণফোন সিলেটের গ্রাহকদের জন্য সেরা সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ৪জির ক্ষেত্রেও এর কোন ব্যাতিক্রম হবে না। দেশের জ্বালানী রাজধানী হিসেবে সিলেট আমাদের ৪জি বিস্তার পরিকল্পনায় যথাযথ স্থান পাবে।"

এর আগে গ্রামীণফোনকে ৪জি পরিচালনার লাইসেন্স দেয়া হয়্ । সম্প্রতি প্রতিষ্ঠানটি ১৮০০ ব্যান্ড ৫ মেগাহার্জ বেতার তরঙ্গ কেনার ফলে ৪জি/এলটিই বিস্তারের জন্য সবচেয়ে কাংক্ষিত ব্যান্ডে সর্বাধিক স্পেকট্রাম হাতে পেয়েছে । এই নতুন স্পেকট্রাম এবং বিদ্যমান স্পেকট্রামে প্রযুক্তি নিরপেক্ষতা গ্রামীণফোনকে সেরা ৪জি সেবা দেয়ার ক্ষেত্রে একটি শক্ত অবস্থানে পৌছে দিয়েছে। প্রযুক্তি নিরপেক্ষতার ফলে গ্রামীণফোন তার ৯০০, ১৮০০ এবং ২১০০ মেগাহার্জ ব্যান্ডের স্পেকট্রামে আরো দক্ষতার সাথে ভয়েস ও ডাটা সেবা দিতে পারবে।

আজমান আরো বলেন,"৪জি সিলেটের ডিজিটালাইজেশনকে আরো এগিয়ে দেবে এবং সিলেটের বহুমূথী সমাজ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে তাদের সবচেয়ে প্রয়োজনীয় বিষয়গুলোর সাথে যুক্ত থাকতে সহায়তা করবে।"

৪জি বিস্তারের সাথে সাথে নেটওয়ার্কের আধুনিকায়নের ফলে গ্রাহকরা এইচডি ভিডিও, লাইভ টিভি স্ট্রিমিং, ঝকঝকে ভিডও কল আর দ্রুতগতির ডাউনলোড উপভোগ করতে পারবেন।

গ্রাহকরা *১২১*৩২৩২# ডায়াল করে জানতে পারবেন যে তাদের সিম ৪জি উপযোগী কি না। যদি না হয় তাহলে নিকটস্থ সিম পরিবর্তন কেন্দ্র বা গ্রামীণফোন সেন্টারে গিয়ে সিম পরিবর্তন করতে অনুরোধ করা যাচ্ছে। এছাড়াও তাদের একটি ৪জি উপযোগী হ্যান্ডসেটও প্রয়োজন হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.