Sylhet Today 24 PRINT

দুদকের মামলায় গোলাপগঞ্জের সাবেক মেয়র পাপলুসহ ৪ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক  |  ২২ ফেব্রুয়ারী, ২০১৮

গোলাপগঞ্জের সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলুসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার স্বাক্ষর জালিয়াতি ও ভূয়া প্রকল্প তৈরী করে সরকারী টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় জেলা দায়রা জজ আদালতের বিচারক ড. গোলাম মর্তুজা মজুমদার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হচ্ছেন- গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব যুগেশ্বর চ্যাটার্জি, কার্যসহকারী সাব্বির আহমদ এবং অফিস সহকারী জহিরুল ইসলাম ওরফে বাবলা।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ যে, গত বছরের ২১ ডিসেম্বর স্বাক্ষর জালিয়াতি ও ভূয়া প্রকল্প তৈরী করে সরকারী টাকা আত্মসাতের অভিযোগে পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলুসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত মন্ডল বাদী হয়ে দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) তৎসহ দন্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪০৯ ধারায় গোলাপগঞ্জ থানায় এ মামলা (নং-৮) দায়ের করেন। মামলায় সাবেক মেয়র পাপলু ছাড়াও পৌরসভার নির্বাহী প্রকৌশলী যোগেশ চ্যাটার্জী, কার্যসহকারী সাব্বির আহমদ, নিম্নমান সহকারী জহিরুল ইসলামকে ও আসামী করা হয়ে। মামলার এজাহারে বলা হয়, মেয়র বিভিন্ন ব্যক্তির স্বাক্ষর জাল করে ভূয়া প্রকল্প দেখিয়ে গোলাপগঞ্জ পৌরসভার ৬ লক্ষ ২৯ হাজার ৭ শত ২২ টাকা আত্মসাত করেছেন। এজাহারে আরো উল্লেখ করা হয়, সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু ও অন্য আসামী পরস্পর যোগ সাজসে প্রতারণার মাধ্যমে জাল রেকর্ড সৃজনপূর্বক ভুয়া প্রকল্প দেখিয়ে পৌর তহবিল থেকে ৭ লক্ষ ২৫ হাজার ৪ শত ৭৪ টাকা উত্তোলন করেন। আসামীরা কোন কাজ না করেই সমুদয় অর্থ আত্মসাত করেন বলে এজাহারে উল্লেখ করেন। এ সব প্রকল্পে যাদেরকে সংশ্লিষ্ট হিসাবে কাগজপত্রে দেখানো হয়েছিল, তাতে ওই সব ব্যক্তিদের কোন স্বাক্ষর ছিল না। দুদক স্বাক্ষরগুলো প্রমাণ করতে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ঢাকার বিশেষজ্ঞদের দ্বারস্থ হলে তাতে স্বাক্ষর জাল বলে প্রমাণিত হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.