Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগকে জনগণ আবার ক্ষমতায় দেখতে চায়: জয়া সেনগুপ্তা

দিরাই প্রতিনিধি |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৮

দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি বলেছেন আওয়ামী লীগ যতবারই এদেশে ক্ষমতায় এসেছে ততোবারই দেশের কল্যাণে ও জনগণের জন্য কাজ করেছে। সরকার হাওরপাড়ের মানুষের দুর্যোগের সময় পাশে থেকে দুর্যোগ মোকাবিলা করতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কাজ করেছে।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার হাওর এলাকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে প্রশংসা কুড়িয়েছেন। সরকার ভিজিডি, ভিজিএফ ও ১০ টাকা কেজি চাউল ক্রয় করতে ইউনিয়নে ডিলারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। হাওরপাড়ের মানুষের জীবনযাত্রার মান এগিয়ে নিতে ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে।  দিরাই শাল্লার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। তাই আওয়ামী লীগকে আবার ক্ষমতায় অধিষ্ঠিত করতে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখতে জনগণ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় দেখতে চায়।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ধলকুতুব ও ডুলপর্শি গ্রামের পল্লী বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সামন্ত দাসের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, ভাটিপাড়া ইউপি চেয়ারম্যান শাহজান কাজী।

এসময় আরো বক্তব্য রাখেন ইউপি আওয়ামী লীগ সভাপতি পাকি চৌধুরী, দিরাই পৌরসভার কাউন্সিলর সবুজ মিয়া, উপজেলা যুবলীগ নেতা মোহন চৌধুরী, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আহমদ, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, যুবলীগ নেতা ইকবাল সরদার, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.