Sylhet Today 24 PRINT

সিলেটে ভারতীয় হাই কমিশনের শাখা চালু হচ্ছে

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৮

আগামী দুই মাসের মধ্যেই সিলেটে হবে ভারতীয় হাই কমিশনের শাখা অফিস। এখান থেকে সিলেটের লোকজন সহজের ভিসা নিতে পারবেন বলে জানান ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শীংলা।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সিলেটের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি।

হর্ষ বর্ধন শীংলা বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটি দিন দিন আরো উন্নত হচ্ছে। দুই দেশই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে একযোগে কাজ করছে।

ভারতীয় হাই কমিশনার আরো বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। সে সময় হাতে হাত মিলিয়ে যুদ্ধ করেছিল ভারতীয় সেনারাও। এখনো বাংলাদেশের প্রতি ভারতের সেই ভালোবাসা অব্যাহত আছে।

ইসকন সদস্যদের যে আদর্শ সেটি তাকে অনুপ্রাণিত করেছে বলেও জানান তিনি। এসময় তিনি সিলেট ইসকন মন্দিরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন।  

অনুষ্ঠানে ভারতের অর্থায়নে ইসকন মন্দিরের নির্মাণাধীন ছাত্রাবাসের জন্য এককোটি টাকার চেক হস্তান্তর করেন হর্ষ বর্ধন শীংলা। পরে হাই কমিশনার ইসকন মন্দির ঘুরে দেখেন। নির্মাণাধীন ছাত্রাবাসের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করে- হাই কমিশনার পুরো ভবন নির্মাণের জন্য ৭ কোটি টাকা প্রদানের আশ্বাসও দেন তিনি।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের অধ্যক্ষ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হর্ষ বর্ধন শীংলা। এতে আরো বক্তব্য রাখেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, ভারতীয় হাই কমিশনের কর্মাশিয়াল সেকেন্ড সেক্রেটারি শিশির কটারী, সিলেটের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবজিৎ সিনহা, যুগলটিলা আখড়া কমিটির সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ সেন, ইসকন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক জগৎগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, বাংলাদেশ হিউম্যান রাইটার্স জার্নালিষ্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু।




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.