Sylhet Today 24 PRINT

সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ফের অভিযানে সিসিক

নিজস্ব প্রতিবেদক |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

নগরীতে সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারীদের উচ্ছেদে ফের অভিযান শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত থেকে এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে তা দখলমুক্ত করতে শুরু করেন।

এ উচ্ছেদ অভিযানে সময় সেখানে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীসহ আরো উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুজ্জামানসহ ও বিপুলসংখ্যক পরিচ্ছন্নতাকর্মী।

এর আগে বৃহস্পতিবার মদিনা মার্কেট থেকে শুরু করে লামাবাজার সরষপুর পর্যন্ত অভিযান চালিয়ে ভাঙ্গা হয় বেশ কয়েকটি  বহুতল ভবন। যা ছড়া দখল করে গড়ে ওঠেছিল। এগুলো ভেঙ্গে ছড়া উদ্ধার করে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। এ অভিযানে মদিনা মার্কেট এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়ক ও ফুটপাতে থাকা পাঁচ শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। এরপর শুক্রবার বিরতি দিয়ে শনিবার একই এলাকায় ফের উচ্ছেদ অভিযান শুরু করে সিসিক।

উচ্ছেদে অভিযান প্রসঙ্গে মেয়র আরিফুল হক চৌধুরী বলেছিলেন, ‘ফুটপাত দখল করে ব্যবসা না করতে আদালতের নির্দেশনা থাকার পরও কোন অদৃশ্য শক্তির বলে হকাররা আবারও ফুটপাত দখল করে ব্যবসা করছে। যারা নগরের বাসিন্দাদের সুখ, শান্তি চায় না তারাই ফুটপাত দখলের মদদ দিচ্ছে। এখন থেকে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।’ তিনি আরও জানিয়েছিলেন, সিলেট-সুনামগঞ্জ সড়ক কোন অবৈধ স্থাপনা থাকতে পারে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.