Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে একাধিক মামলার আসামী অস্ত্রসহ আটক

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

দেশীয় পাইপগান এবং এক রাউন্ড কার্তুজসহ মৌলভীবাজারের কুলাউড়ায় একাধিক মামলার আসামি মো. ইব্রাহিম (৩৮) কে আটক করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ইব্রাহিম উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে কুলাউড়া উপজেলার কটারকোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে বিষয়টি শনিবার (২৪ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ।

কুলাউড়া থানার পুলিশ উপ পরিদর্শক (এসআই) মাসুদ আলম জানান, শুক্রবার রাতে কটারকোনা এলাকায় ইব্রাহিম অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পরবর্তীতে ভোর রাতে ইব্রাহিমের দেয়া স্বীকারোক্তিতে তার বাড়ি থেকে দেশীয় তৈরি পাইপগান ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পাইপগান চুরি ও ডাকাতির কাজে ব্যবহার করা হতো বলে জানান তিনি। ইব্রাহিমের বিরুদ্ধে কুলাউড়া থানাসহ বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.