Sylhet Today 24 PRINT

বাহুবলে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ

বাহুবল প্রতিনিধি |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর সামসুল উলুম নূরানিয়া হাফিজিয়া মাদরাসার তিন জন ছাত্র নিখোঁজ রয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে তারা নিখোঁজ রয়েছে বলে জানা যায়।

নিখোঁজ ছাত্ররা হলো, চুনারুঘাট উপজেলার হাসারগাঁও গ্রামের আইয়ূব আলীর ছেলে তানভীর আহমেদ, শায়েস্তাগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে জুনাইদ আহমেদ ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাশিমনগর গ্রামের রশিদ মিয়ার ছেলে শরীফ উদ্দিন।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, মিরপুর সামসুল উলুম নূরানিয়া হাফিজিয়া মাদরাসায় দীর্ঘদিন ধরেই হাফিজি পড়ছে তানভীর, জুনাইদ ও শরীফ। ৩ জনেরই হাফেজি পড়া প্রায় শেষ হয়ে এসেছে। তারা প্রত্যেকেই পড়ায়ও অনেক ভালো।
প্রতিদিনের মতো অন্যদের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজে যায়। কিন্তু নামাজ শেষ হওয়ার পর কেউ আর তাদের দেখতে পায়নি। অনেক খোঁজেও সন্ধান মেলেনি তাদের। পরিবারের সঙ্গে যোগাযোগ করেও সন্ধান পায়নি মাদরাসা কর্তৃপক্ষ।

মাদরাসার প্রতিষ্ঠাতা সামছুল আলম জানান, অসংখ্য ছাত্র এখানে পড়াশুনা করলেও এখনও পর্যন্ত এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। কোনো ছাত্র মাদরাসায় না বলে কোথাও যায়নি। কিন্তু শুক্রবার মাগরিবের নামাজের পরে তাদেরকে আর পাওয়া যায়নি। অনেক খোঁজা হয়েছে। বিভিন্ন স্থানে মাইকিংও করা হয়েছে।

বাহুবল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মফিজুর হক জানান, খবর পেয়ে মাদরাসায় ছুটে যান তিনি। ছাত্রদের নিখোঁজের খবর নিশ্চিত হন। এখন সাধারণ ডায়েরি হলে পরবর্তী ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.