নবীগঞ্জ প্রতিনিধি | ২৫ ফেব্রুয়ারী, ২০১৮
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক কিশোরীর (১৬) লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে তাৎক্ষনিকভাবে লাশের নাম পরিচয় জানা যায়নি।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জর উপজেলার পানিউমদা ইউনিয়নের রুকনপুর নামকস্থানে একটি ২১ ইঞ্চি টিভির একটি কার্টুন পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এসময় তাদের সন্দেহ হলে এক পর্যায়ে কার্টুনের মুখ খুলে দেখতে পান ভিতরে কম্বল দিয়ে মোড়ানো রশি দিয়ে বাধা অবস্থায় কিছু একটা পরে রয়েছে।
পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে গোপলার বাজার তদন্তকেন্দ্রের ইনচার্জ মোজম্মল হক এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই কার্টুন থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এস আই মোজম্মল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করা হয়েছে তবে ময়না তদন্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাবেনা। উদ্ধারকৃত কিশোরীর মুখে এবং পায়ে ক্ষত’র চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।