নিজস্ব প্রতিবেদক | ২৫ ফেব্রুয়ারী, ২০১৮
নগরীর সুবিদবাজারে শিমুল দেব (৩২) খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নিহতের ভাই নন্দন দে বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এস আই) ফয়েজ আহমদ সিলেটটুডেটোয়েন্টিফোরডটকমকে জানান- নিহতের ভাই বাদী হয়ে কোতোয়ালি থানায় ফজল বকতকে প্রধান ও অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
এদিকে পরিবারের অভিযোগের ভিত্তিতে রোববার ভোরের দিকে নগরীর ফাজিলচিস্ত এলাকা থেকে ফজলকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল।
ফজলের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশররফ হোসেন সিলেটটুডেটোয়েন্টিফোরডটকমকে জানান- পরিবারের অভিযোগের ভিত্তিতে ফজলকে ভোররাতে তার নিজ বাসা থেকে আটক করা হয়। পরে রোববার সকালে তাকে সিলেট কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
এদিকে নিহতের পরিবার সূত্রে জানা যায়, শিমুল ও ফজল একসময় পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কিন্তু কয়েকদিন থেকে তাদের বন্ধুত্বের সম্পর্কের মধ্যে টানাপোড়ন চলছিলো। তারই জের ধরে ফজল শিমুলকে খুন করেছে বলে পরিবার দাবি করছে।
প্রসঙ্গত, নগরীর সুবিদ বাজারে পূর্ব শত্রুতার জেরে ১২টার দিকে শিমুলকে কয়েকজন যুবক বাসা থেকে ডেকে এনে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে পুলিশ সুবিদবাজারস্থ নুরানী আবাসিক এলাকার দস্তিদার দিঘির সামনে থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।