Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন সুনামগঞ্জের বৈশাখী

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ২০১৮ তে চ্যান্সেলর (রাষ্ট্রপতি) স্বর্ণপদক পাওয়ার পর এবার ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৬’ পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালে মাস্টার্স অব সায়েন্স কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ থেকে প্রথম বিভাগে প্রথম স্থান অর্জনকারী স্মিতা দাশ বৈশাখী।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি কার্যালয় ‘শাপলা’ তে প্রধানমন্ত্রী সুনামগঞ্জের মেধাবী শিক্ষার্থী বৈশাখীর হাতে স্বর্ণপদক তুলে দেন।

এর আগে ১৫ ফেব্রুয়ারি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি অ্যাড. মো. আব্দুল হামিদের কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করেন স্মিতা দাশ বৈশাখী।

মেধাবী শিক্ষার্থী বৈশাখী সুনামগঞ্জ শহরের সরকারি মহিলা কলেজ রোডের বাসিন্দা জনতা ব্যাংক লি. সুনামগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক যোগেন্দ্র কুমার দাশ ও টুকেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা বীনা রানী তালুকদারের মেয়ে।

মেধাবী শিক্ষার্থী স্মিতা দাশ বৈশাখী ২০০৮ সালে সুনামগঞ্জ শহরের সরকারি সতীশ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫, ২০১০ সালে সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। ২০১২ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে ভর্তি হয়ে ২০১৬ সালে কৃষি অনুষদ থেকে সম্মানে (অনার্স) প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করেন ও পরে ২০১৭ সালে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ থেকে প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বৈশাখী। বৈশাখী প্রশাসন ক্যাডারে চাকুরী করতে চায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.