নিজস্ব প্রতিবেদক | ২৬ ফেব্রুয়ারী, ২০১৮
সিলেট নগরীর জিন্দাবাজারের সবুজ বিপনী রেস্ট হাউজের বাথরুম থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯ টায় দিকে রেস্টহাউজের ৪র্থ তলায় সি ৬ নং রুম থেকে এ লাশটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। নিহত ব্যক্তির নাম মো. সাজ্জাদুর রহমান (৩৮)। সে সিলেট সদর উপজেলার টুকেরবাজার জাঙ্গাইল গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এখন কাউকে আটক করা হয়নি। নিহতের লাশ ওসমানীতে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিন্দাবাজারস্থ সবুজ বিপনী হোটেলের ৪র্থ তলায় সি ৬ নং কক্ষের দরজা দীর্ঘক্ষণ বন্ধ অবস্থায় ছিল। দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দরজা খুলে বাথরুমের সামনে পানির লাইনের পাইপে দড়ি দিয়ে লাশ ঝুলন্ত অবস্থায় পান।
হোটেলের মালিক মুকুল দাস জানিয়েছেন, রবিবার সকাল ১১টার দিকে বিশ্রামের জন্য রুমটি ভাড়া নিয়েছিলেন সাজ্জাদ। রাতে তাকে ডাকতে গেলে কোন সাড়া না পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে রুমের তালা ভেঙ্গে লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।