Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আহত

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৮

বিয়ানীবাজার সরকারি কলেজে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইমন নামের এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে  কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কলেজ ক্যাম্পাস সূত্রে জানা যায়, ছাত্রলীগ পল্লব গ্রুপের কর্মীদের সাথে স্বাধীন গ্রুপের নেতাকর্মীদের জুনিয়র সিনিয়র দ্বন্দ্ব দেখা দিলে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে পল্লব গ্রুপের কর্মীরা স্বাধীন গ্রুপের কর্মী ইমনকে ছুরিকাঘাত করে। এতে ইমন আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত ইমন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে ছাত্রলীগ স্বাধীন গ্রুপের কর্মী। ইমন জানায়, তাকে ছাত্রলীগ পল্লব গ্রুপের প্রথম বর্ষের শিক্ষার্থী সানি, সাদিক, আকিব, রাহাত ও আশরাফ কলেজের তিনতলা থেকে ডেকে এনে মারধর ও ছুরিকাঘাত করে। এ ঘটনায় কলেজে উত্তেজনা বিরাজ করছে।

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) জাহিদুল হক  বলেন, ছোট খাটো একটি ঘটনা নিয়ে বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের কর্মীদের সাথে হাতা হাতি এক পর্যায়ে একজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। ক্যাম্পাসে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ক্যাম্পাসে এখন পুলিশ মোতায়েন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.