Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিংয়ের উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৮

বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষার দাবিতে ‘জাতিসংঘে বাংলা চাই’ এই স্লোগানে মৌলভীবাজারে আলোচনা সভা ও অনলাইন ভোটিংয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার সরকারী কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রাণ গ্রুপের সহযোগিতায় ও অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম এর আয়োজনে দেশব্যাপী চলছে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং কার্যক্রম।

এরই অংশ হিসেবে সোমবার সকাল ১১টায় মৌলভীবাজার সরকারী কলজে থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ শহিদ মিনারে এসে শেষ হয়।

র‍্যালি শেষে মৌলভীবাজারে অনলাইন ভোটিংএর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনার সভার শুরুতেই ‘জাতিসংঘে বাংলা চাই’ এই দাবী নিয়ে অনলাইন ভোটিংএর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী ও মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান ভি.পি মিজানুর রহমান।

প্রধান অতিথি অধ্যক্ষ ড. ফজলুল আলী তার বক্তব্যে বলেন- এমন মহৎ কাজের উদ্বোধনের জন্য মৌলভীবাজার সরকারী কলেজে স্থান নির্ধারণ করায় জাগোনিউজ কে ধন্যবাদ জানিয়ে বলেন, ৩০ কোটির বেশী মানুষ যে ভাষায় কথা বলে তা এখনো জাতিসংঘে দাপ্তরিক ভাষা না পাওয়া একধরনের অবহেলা। জাগো নিউজ ব্যাপারটি সামনে এনেছে বলে তাদের কাছে কৃতজ্ঞ। আমি প্রতিটি ক্লাসে ক্লাসে জানিয়ে দেব যেন অনলাইন  ভোট প্রধান করে বাংলাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষার দাবী বেগবান করা যায়।

বিশেষ অতিথির বক্তব্যে মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান ভি.পি মিজানুর রহমান বলেন- বিশ্বের অন্যতম বড় একটি জনগোষ্ঠীর মাতৃভাষা বাংলা। একমাত্র বাঙালিরাই বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে । সুতরাং বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া এখন সময়ের দাবি। আমি উপজেলার প্রতিটি ইউনিয়নের ডিজিটাল সেন্টারে ভোটের সুযোগ করে দেওয়ার ব্যাপারে অনুরোধ করব।

বিশেষ অতিথি সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. আলী হোসেন বলেন- ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাকে আন্তর্জাতিক রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি আদায়ে সরকারের ভূমিকা অবশ্যই প্রশংসার দাবিদার। আমরা জেনেছি বর্তমান প্রধানমন্ত্রীও  জাতিসংঘে বাংলাকে দাপ্তরিক ভাষার করায় দাবীতে ভূমিকা রাখছেন তবে এর পাশাপাশি জাগোনিউজ সহ সব মিডিয়ার উচিত বাংলা ভাষার সঠিক উচ্চারণ, ব্যবহার ও চর্চার ব্যাপারে সঠিক প্রচারের দায়িত্ব নেওয়া।

জাগোনিউজের মৌলভীবাজার প্রতিনিধি রিপন দে –এর সভাপতিত্বে যমুনা টিভির মৌলভীবাজার প্রতিনিধি আফরোজ আহমেদের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন সরকারী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. আজারুল ইসলাম, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক হৃষীকেশ ধর, রসায়ন বিভাগের প্রভাষক শক্তিপদ পাল, গণিত বিভাগের প্রভাষক জাফর হোসেন প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ডেইলি অবজারভার মৌলভীবাজার প্রতিনিধি আশোক কুমার দাস, দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ও দেশ টিভির মৌলভীবাজার প্রতিনিধি সালেহ এলাহী কুটি, দৈনিক সমকালের মৌলভীবাজার প্রতিনিধি নুরুল ইসলাম, ডিবিসি নিউজের মৌলভীবাজার প্রতিনিধি পান্না দত্ত, ইন্ডিপেন্ডেন্ট টিভির মৌলভীবাজার প্রতিনিধি আব্দুর রব, বাংলানিউজ২৪ এর মৌলভীবাজার প্রতিনিধি মাহমুদ এইচ খান, দৈনিক খবরপত্রের প্রতিনিধি আব্দুল বাছিদ খান, নতুন বার্তার মৌলভীবাজার প্রতিনিধি পিকলু চক্রবর্তী, সংস্কৃতি কর্মী রঞ্জিত জনি প্রমুখ। এছাড়া মৌলভীবাজার সরকারী কলেজের বাংলাবিভাগ সহ বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জাগো নিউজের মৌলভীবাজার প্রতিনিধি রিপন দে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা এ দাবিতে সমর্থন জানাতে যে কেউ জাগো নিউজের অফিসিয়াল পেইজে গিয়ে আবেদন করতে পারেন। আপনারদের একটি একটি ভোট একসাথে লাখো ভোট হবে এবং ৩০ কোটি মানুষের বাংলাভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা আমরা আদায় করতে সক্ষম হব।

আলোচনা সভার সমাপনী শেষে মৌলভীবাজার সরকারী কলেজের ছাত্র মো. রাসেল এর নেতৃত্বে দুটি টিম সরকারী কলেজে এবং আশেপাশে অনলাইন ভোটিং এর প্রচারণা চালায় এতে ব্যাপক সাড়া পাওয়া যায়।

অনুষ্ঠানকে ঘিরে গত ২ দিন শহরের গুরুত্বপূর্ণ স্থানে পোষ্ঠারিং করা হয়, অনেক ছাত্রছাত্রীকে পোষ্ঠারের সামনে দাঁড়িয়ে ভোট করতে দেখা গেছে ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.