কুলাউড়া প্রতিনিধি | ২৬ ফেব্রুয়ারী, ২০১৮
কুলাউড়ায় মেডলিন (৫৫) নামে খ্রিস্টান মিশনের সিস্টারকে হাতে ছুরিকাঘাত করে এক লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে কুলাউড়া-গাজীপুর সড়কের রাজাপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
সূত্রে জানা যায়, উপজেলার কর্মধা ইউনিয়নের লক্ষ্মীপুর মিশনের সিস্টার মেডলিন ও তার সহযোগী সিস্টার সোমবার দুপুরে সোনালী ব্যাংক কুলাউড়া শাখা থেকে এক লাখ টাকা উত্তোলন করে দক্ষিণ বাজার সিএনজি স্ট্যান্ড থেকে গাজীপুর যাচ্ছিলেন।
কুলাউড়া গাজীপুর সড়কের রাজাপুর এলাকায় যাওয়ার পর দুটি মোটরসাইকেল তাদের সিএনজি অটোরিকশার গতিরোধ করে মেডলিন এর হাতে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। আহতাবস্থায় মেডলিন ও তার সাথে থাকা সিস্টার থানায় এসে বিষয়টি পুলিশকে অবগত করেন।
কুলাউড়া থানার উপ পরিদর্শক (এস আই) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ব্যাপারে কোন অভিযোগ এখনো পর্যন্ত দেননি ছিনতাইয়ের শিকার ওই নারী।