Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ওয়াজ মাহফিলে সুন্নি-ওয়াহাবিদের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক  |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ওয়াজ নিয়ে সুন্নী মতাদর্শী ও ওয়াহাবি মতাদর্শীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক লোক। সোমবার রাতে জৈন্তাপুরের আমবাড়িতে সুন্নী মতাদর্শীদের আয়োজিত একটি ওয়াজ মাহফিলকে ঘিরে এ সংঘাত বাঁধে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। রাত ২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। আহতদের কয়েকজনকে জৈন্তাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মোজাম্মেল হোসেন হরিপুর মাদ্রাসার মাদ্রাসার ছাত্র ।

সংঘর্ষের জেরে আমবাড়ি, ঝিঙ্গাবাড়ি ও কাঠাল বাড়ি নামের তিনটি গ্রামের বিভিন্ন বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সুত্রে জানা যায়- সোমবার রাতে জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার আমবাড়ি এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করে সুন্নী মতাদর্শের লোকজন। ওয়াজ চলাকালে রাত ১১টার দিকে সুন্নীবিরোধি ওয়াহাবি মতাদর্শের লোকজন হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই এ সংঘর্ষ বৃহৎ আকার ধারণ। দু'পক্ষের হাজারো লোক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের জের ধরে রাত ২টায় এই খবর লেখা পর্যন্ত মুসল্লীরা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।

এ ব্যাপারে রাত আড়াইটায় জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জৈন্তাপুর খাঁন মো. মঈনুল জাকিরের সাথে যোগাযোগ করা হলে তিনি  'সংঘর্ষ চলছে, ঘটনাস্থলে আছি' বলে কল কেটে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.