মাধবপুর প্রতিনিধি | ২৮ ফেব্রুয়ারী, ২০১৮
হবিগঞ্জের মাধবপুরে বালুর স্তুপের নীচ থেকে রহুল আমীন (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় মাধবপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান এই মরদেহ উদ্ধার করেন। রুহুল উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর (শাহবাজপুর) এর সিদ্দিক আলীর ছেলে। তাদের মূল বাড়ি নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রুহুল আমীন কালিকাপুর থেকে ধরমন্ডলের উদ্দেশ্যে গিয়ে নিখোঁজ হয়। পরদিন তার বাবা সিদ্দিক আলী মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এক পর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় রুহুল আমীনদের কালিকাপুরের বাড়ির পাশের একটি বালির স্তুপ থেকে কুকুর তার মরদেহ টেনে বের করে। পরে তার বোন গিয়ে বিষয়টি দেখতে পেলে পুলিশকে খবর দেয়া হয়।
মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এএসএম রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।