চুনারুঘাট প্রতিনিধি | ২৮ ফেব্রুয়ারী, ২০১৮
হবিগঞ্জের চুনারুঘাট পূর্ব বিরোধের জের ধরে ভারত মুন্ডা নামের এক চা শ্রমিক খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মেয়ের জামাই কাশীরাম মুন্ডাকে বুধবার সকালে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের রেমা চা বাগানের চানমারী এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মেয়ের জামাই কাশীরাম মুন্ডা (৩২) এর সাথে শ্বশুর ভারত মুন্ডার (৬০) দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ বিরাজ করছিল। এরই জের ধরে মঙ্গলবার গভীর রাতে তাদের মাঝে ঝগড়া হয়। একপর্যায়ে কাশীরাম মুন্ডা উত্তেজিত হয়ে ভারত মুন্ডাকে লাঠি দিয়ে আঘাত করেন।
এ আঘাতের ফলে ভারত মুন্ডার মৃত্যু হয়েছে বলে তাঁর পরিবার অভিযোগ করে।
ভারত মুন্ডার ছেলে দীলিপ মুন্ডা তৎক্ষণাৎ চুনারুঘাট থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. আজমিরুজ্জামান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।