Sylhet Today 24 PRINT

শিমু হত্যা: রিমান্ডে ছাত্রদলের ৩ নেতা

নিজস্ব প্রতিবেদক |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

ছাত্রদল নেতা আবুল হাসনাত শিমু হত্যা মামলায় আরেক ছাত্রদল নেতা কাজী মেরাজসহ তিন জনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে মহানগর মুখ্য হাকিম সাইফুজ্জামান হিরো শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মদন মোহন ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি কাজী মেরাজ, ছাত্রদল নেতা ইমাদ উদ্দিন ও দেওয়ান জাকি। জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার আসামিদের নিয়ে যাওয়া হবে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) বেনু চন্দ্র দেব।

বেনু চন্দ্র দেব আরো জানান, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) আদালতে এ তিন আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে বুধবার রিমান্ডের আদেশ দেন।

এর আগে সোমবার (২৬ ফেব্রুয়ারি) এ তিন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষ বিচারক জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি বিকেলে সিলেট নগরের কোর্ট পয়েন্টে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর ওসমানী হাসপাতালে ভর্তি করা হয় মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত শিমুকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকেলেই মারা যান শিমু।

হত্যাকাণ্ডের প্রায় ৫২ ঘণ্টা পর ৩ জানুয়ারি রাতে শিমুর মামা তারেক আহমদ লস্কর বাদী হয়ে হত্যা মামলা (নং-০৭(০১)১৮) দায়ের করেন। মামলায় ২৩ ফেব্রুয়ারি একজনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া তিনজন আসামি আদালতে আত্মসমর্পণ করেন। চার আসামিই এখন কারাগারে আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.