Sylhet Today 24 PRINT

রক্ত দিয়ে রক্তদাতা দিবসের কর্মসূচী উদ্বোধন করলেন কেয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জুন, ২০১৫

বিশ্ব রক্তদাতা দিবসে স্বেচ্ছায় রক্ত দিলেন সিলেট ও হবিগঞ্জের সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। শুধু বিশেষ দিবসে রক্তদান নয়, প্রতি তিনমাস অন্তর অন্তর তিনি রক্ত দেয়ারও প্রতিশ্রুতিও করেন।

রবিবার সিলেট রেডক্রিসেন্ট সোসাইটি আয়োজিত আলোচনাসভা, রক্তদান ও সংগঠকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি নিয়মিত রক্তদানের প্রতিশ্রুতি করেন।

কেয়া চৌধুরী এমপি বলেন- রক্তের কোন বিকল্প নেই। মূর্মূষ কোন রোগীর যখন রক্তের প্রয়োজন পড়ে তখন সুস্থ সবল আরেকজন মানুষকেই এগিয়ে আসতে হয়। তবে যাদের রক্তের গ্রুপ ‘নেগেটিভ’ তাদের জন্য রক্ত জোগাড় করা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এজন্য রোগীর স্বজনদের অনেক কাঠখড় পোহাতে হয়। তিনি সুস্থ-সবল সবাইকে নিয়মিত রক্তদানের আহ্বান জানান।

রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও সাইফুর রহমান খোকনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, সোয়েব আহমদ, হাফিজ রুমেল চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.