Sylhet Today 24 PRINT

জাফর ইকবালকে মেরে ফেলার জন্যই এই হামলা: শিক্ষামন্ত্রী

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৪ মার্চ, ২০১৮

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক জাফর ইকবালের উপর অতর্কিত হামলা আসলেই ন্যাক্কারজনক ঘটনা। এর তীব্র নিন্দা জানাচ্ছি। জঙ্গিরা এই খ্যাতিমান লেখককে মেরে ফেলার জন্যই এই হামলা চালিয়েছিল। তাদের পরিকল্পনা সফল হয়নি।

রোববার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় সিলেটের গোলাপঞ্জের হাজিপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, আমাদের নতুন প্রজন্মকে শুধু শিক্ষিত করলেই হবে না, তাদের দিকে খেয়াল রাখতে হবে। তারা কি করছে, তারা কি কোন জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত হচ্ছে? এসব বিষয়ে অভিভাবকদের লক্ষ রাখতে হবে। তিনি নতুন প্রজন্মকে আলোর পথে নিয়ে যেতে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানান।

শিক্ষামন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে যাতে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকে, আমাদের সেদিকে লক্ষ্য রেখে সরকারের প্রতি সর্বাধিক সহযোগিতায় হাত প্রসারিত করতে হবে। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করেছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আক্তার হোসেন চৌধুরী দোলনের সভাপতিত্বে, এম এ মালেকের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দাল রাজ্জাক।

এতে আরো বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মামুনুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আজমল হোসেন চৌধুরী শুভন।

উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা জাফরান জামিল, যুবলীগ নেতা বদরুল ইসলাম, ফুলবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মজনু মিয়া, ইউপি সদস্য আবুল কাশেম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, আব্দুল মুকিত, নুরুল হক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.