নিজস্ব প্রতিবেদক | ০৪ মার্চ, ২০১৮
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর বর্বরোচিত হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে শাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীরা।
রোববার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জাফর ইকবালের প্রতি হামলার তীব্র নিন্দা জানান। পাশাপাশি জাফর ইকবালের উপর হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে এর পূর্বে সংঘটিত লেখক, মুক্তমনা, ব্লগারদের উপর হামলাকারীদেরও গ্রেপ্তার ও দ্রুত শাস্তি দাবী করেন।
পরবর্তীতে এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে যোগ দেয় শাবিপ্রবির বর্তমান শিক্ষার্থীরা। এসময় তারা শবিপ্রবির নিরাপত্তা সহ দেশের সকল লেখক, মুক্তমনাদের নিরাপত্তা প্রদানের আহ্বান জানান।
মানববন্ধন শেষে শাবিপ্রবির দিক থিয়েটার এক প্রতিবাদী পথনাটক করে শহীদ মিনার প্রাঙ্গণে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বিভিন্ন হুমকির মধ্যে থাকা ড. জাফর ইকবালের উপর শনিবার (৩ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই হামলার শিকার হন পুলিশ বেষ্টিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাফর ইকবাল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অধ্যাপক জাফর ইকবালের মাথা ছুরিকাঘাত করেন আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবক।
এই ঘটনার পর থেকেই উত্তাল রয়েছে শাবিপ্রবি ক্যাম্পাস। দেশজুড়ে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ।