Sylhet Today 24 PRINT

আমার বাবা মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিলেন, দাবি কয়েসের

নিজস্ব প্রতিবেদক |  ০৬ মার্চ, ২০১৮

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস বলেছেন, আমার বাবা দেলোয়ার হোসেন চৌধুরী মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন লোক ছিলেন এবং তিনি স্বাধীনতার স্বপক্ষে কাজ করে গেছেন শুধু তাই নয় আমার পুরো পরিবার স্বাধীনতার স্বপক্ষে।

মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন সিলেট-৩ আসনের এ সংসদ সদস্য।

মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েসের বাবা দেলোয়ার হোসেন চৌধুরী ১৯৭১ এ মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন বলে অভিযোগ উঠে। মুক্তিযোদ্ধা সংসদ থেকে বের হওয়া একটি প্রকাশনায়ও শান্তি কমিটির সদস্যদের তালিকায় দেলোয়ার হোসেন চৌধুরীর নাম রয়েছে।

তবে নিজের পিতার মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের অভিযোগ মিথ্যে দাবি করে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কয়েস বলেন, আমার পিতা ১৯৬৫ সন থেকে ১৯৭১ পর্যন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর আমার পিতা রিলিফ কমিটির চেয়ারম্যান ছিলেন।

এসময় তিনি সাংবাদিকদের কাছে উল্টো প্রশ্ন করে বলেন, একজন স্বাধীনতার বিপক্ষের লোককে কি কখনো রিলিফ কমিটির চেয়ারম্যান করা যায়, আপনারাই বলুন।

তিনি বলেন, যখনই নির্বাচনের সময় ঘনিয়ে আসে ঠিক তার ৬-৭ মাস পূর্বে এই কথাটা কোথা থেকে উঠে আসে এটা আমি বুঝিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.