Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় চা শ্রমিকের লাশ উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি |  ০৬ মার্চ, ২০১৮

মৌলভীবাজারের কুলাউড়ায় সমরা খাড়িয়া (৫০) নামে এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর চা বাগানের ১২নং সেকশন থেকে এ লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা বাগানের মৃত দুর্গা খাড়িয়ার ছেলে বাগানের চা শ্রমিক সমরা খাড়িয়া সোমবার সন্ধ্যা ৬টার দিকে বোনকে দেখার জন্য পার্শ্ববর্তী পাঁচপীর জালাই এলাকায় বোনের বাড়িতে যাচ্ছেন বলে তাঁর স্ত্রীকে বলে যান। এরপর আর বাড়িতে ফিরে আসেননি সমরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে পার্শ্ববর্তী দিলদারপুর চা বাগানের ১২নং সেকশনে তাঁর লাশ পড়ে থাকতে দেখে সমরার পরিবারের লোকজনকে খবর দেয় বাগানের শ্রমিকেরা। খবর পেয়ে সমরার ছেলে ঘটনাস্থলে গিয়ে লাশটি সনাক্ত করেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমরার লাশ উদ্ধার করে নিয়ে আসে।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল তদন্তের পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার মূল রহস্য উদঘাটন করা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.