Sylhet Today 24 PRINT

জাফর ইকবালের ওপর হামলা: শাবির নিরাপত্তাকর্মী আটক

শাবি প্রতিনিধি |  ০৬ মার্চ, ২০১৮

বরেণ্য লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তারক্ষীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাকে আটক করা হয়। আটক খালিকুজ্জামান চুক্তিভিত্তিকভাবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করতেন।

বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান মো. আবদুল হাই ছামিনি বলেন, খালিকুজ্জামানের বাড়ি সুনামগঞ্জের দিরাই। অধ্যাপক জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর রহমান ফয়জুলের বাড়িও একই স্থানে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমেদ জানান, বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করে একজন নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের অনুমতি নিয়েছেন।

তবে জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, তিনি কাউকে আটকের বিষয়ে জানেন না।

এরআগে গত শনিবার বিকেলে শাবি ক্যাম্পাসে হামলার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। পরে আহতাবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হামলার সময় ফয়জুর নামে এক যুবককে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় শিক্ষার্থীরা।

পরে শনিবার রাতে উন্নত চিকিৎসার জন্য অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন শঙ্কামুক্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.