Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় বিয়ের গাড়ি উল্টে বরের পিতার মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি |  ০৭ মার্চ, ২০১৮

নতুন পুত্রবধূকে নিয়ে ঘরে ফেরা হলো না বরের পিতার। এর আগেই বরযাত্রীবাহী বাস উল্টে মৃত্যু বরণ করলেন বরের পিতা মন্টু রবিদাস (৬০)। নিহত মন্টু মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানের চা শ্রমিক। এঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৭ মার্চ) সন্ধ্যা ৮টায় উপজেলার সদর ইউনিয়নের বনগাঁও-১ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, মঙ্গলবার (৬ মার্চ) নিহত মন্টু রবিদাসের বড় ছেলে শঙ্কর রবিদাসের বিয়ে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা বাগানে সম্পাদন শেষে পুত্রবধূকে নিয়ে বুধবার বিকেলে বাড়ি ফেরার পথে কুলাউড়ার গাজীপুর সড়কের বনগাঁও এলাকায় বরযাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পূর্বপাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই বরের পিতা নিহত হন।

এ ঘটনায় গোলাপ রবিদাস, পিচ্ছি রবিদাস, স্বপ্ন রবিদাস, নীল রবিদাস আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুলাউড়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মন্টু রুবিদাসকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ফাহমিদা ফারহানা খান বলেন, মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মিন্টু রবিদাস নিহত হন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি সিলেটটুডেকে নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম মুসা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.