Sylhet Today 24 PRINT

যতদিন বেঁচে থাকব হবিগঞ্জ বাসীকে ভুলতে পারব না : জেলা প্রশাসক

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৫ জুন, ২০১৫

হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেছেন, মানুষ যেমনিভাবে তার প্রথম প্রেমকে ভুলতে পারে না, তেমনি প্রথম জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জকে ভুলা আমার পক্ষে সম্ভব নয়। যতদিন বেঁচে থাকব ততদিন হবিগঞ্জের মানুষকে হৃদয়ে ধারণ করব। হবিগঞ্জকে নিয়ে অনেক স্বপ্ন পরিকল্পনা ছিল। বাস্তবায়নের সুযোগ পুরোপুরি করার আগেই চলে যেতে হচ্ছে।

পরিকল্পনাগুলোর বাস্তবায়ন শুরু হয়েছিল মাত্র। তবে সবাই মিলে কাজ করলে হবিগঞ্জের সম্ভাবনাগুলোকে অবশ্যই বাস্তবায়ন করা যাবে। নিশ্চিতভাবেই হবিগঞ্জ সারা দেশের মধ্যে উল্লেখযোগ্য স্থান দখল করবে।

গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী উপ-সচিব দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সফিউল আলম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আমির হোসেন।

হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মুহাম্মদ ফরিয়াদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেইলী সান প্রতিনিধি শফিকুর রহমান চৌধুরী, দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহছান, দৈনিক সমাচার সম্পাদক গোলাম মোস্তাফা রফিক, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমানসহ সাংবাদিবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.