নিজস্ব প্রতিবেদক | ০৮ মার্চ, ২০১৮
হামলায় আহত অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের নিরাপত্তা আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।
তিনি বলেন, স্যার সুৃস্থ হয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ফিরে আসার পর তাঁর নিরাপত্তা আরো বাড়ানো হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে হবে।
বুধবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটি বলেন পুলিশ কমিশনার।
জাফর ইকবালের নিরাপত্তায় আগেই ৮জন পুলিশ সদস্য ও দু'জন গানম্যান নিয়োজিত ছিলো জানিয়ে তিনি বলেন, হামলার পর নিরাপত্তা আরো বাড়ানো হবে।
তিনি বলেন, জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর রহমান ওরফে ফয়জুল যে ছোরা দিয়ে হামলা করেছে তা কোথা থেকে পেয়েছে, এটি আমরা জানতে পেরেছি। তবে তদন্তের স্বার্থে তা এখন প্রকাশ করা যাচ্ছে না।
ফয়জুর কোনো জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত কী না তাও খোঁজ নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন পুলিশ কমিশনার।
তিনি বলেন, ‘জাফর ইকবালের উপর হামলার ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।’
প্রসঙ্গত, গত শনিবার বিকেলে শাবি ক্যাম্পাসে জাফর ইকবালকে ছুরিকাঘাত করেন ফয়জুর রহমান। ঘটনার পরপরই পুলিশ ও শিক্ষার্থীর হাতে আটক হন ফয়জুর। তাকে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করেছে।
ফয়জুর পুলিশের হেফাজতে ওসমানী হাসপাতালে ভর্তি আছেন। সেখানে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এদিকে, হামলার পর প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় মুহম্মদ জাফর ইকবালকে। পরে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ওই দিন তাকে ঢাকায় সিএমএইচে হেলিকপ্টারে স্থানান্তর করা হয়। এখন তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। বুধবার আইসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।