নিজস্ব প্রতিবেদক | ০৮ মার্চ, ২০১৮
জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর হাসানকে আদালতে তোলা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুর ১ টা ১৫ মিনিটে তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি মহানগর ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর হরিদাস কুমারের আদালতে তোলা হয়।
ফয়জুরকে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানান পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) প্রণব কুমার দেব।
এসময় আদালত চত্বরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
গত শনিবার শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলায় আহত হন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। আহত হওয়ার পর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ওই দিন তাকে ঢাকায় সিএমএইচে হেলিকপ্টার যোগে স্থানান্তর করা হয়। হামলার পর শিক্ষার্থীরা হাতেনাতে আটক করে ফয়জুরকে গণপিটুনি দেয়। পরে পুলিশ হেফাজতে আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।