গোয়াইনঘাট প্রতিনিধি | ০৮ মার্চ, ২০১৮
সিলেটের গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর, ইসলামপুর ও ত্রিপুরা বস্তি। আশপাশে নিকটবর্তী কোন বিদ্যালয় না থাকায় প্রতি বছর শিশু শিক্ষার্থী ঝরে পড়া সহ কমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যহত হত। যাতায়াতের কষ্ট থাকায় রাধানগর ও দূরবর্তী বিদ্যালয়ে যাওয়া শিক্ষার্থীদের নানা দুর্ভোগ পোহাতে হত। সেই অজপাড়া গায়ে ফুটে উঠেছে আশার আলো। যাত্রা শুরু করেছে এক নতুন বিদ্যালয়। সরকারের বিদ্যালয়বিহীন গ্রামে ১৫০০ প্রকল্পের আওতায় স্থাপিত হয়েছে নতুন এ প্রাথমিক বিদ্যালয়টি।
বুধবার (৭ মার্চ) সকাল ১১টায় ইসলামপুর এলাকার আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় নামের বিদ্যাপীঠটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সংসদ সদস্য ইমরান আহমদ এমপি।
বিদ্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে ইমরান আহমদ এমপি বলেন, শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। সরকারের সেই উন্নয়নে ধারাবাহিকতার অংশই এ বিদ্যাপীঠের অগ্রযাত্রা।
ইসলামপুর গ্রামের হাজী আবুল কাশেম, আবুল খায়ের, আবু তাহের, আবুল বাশার ও আব্দুল্লাহ সহোদরদের দান করা ভূমিতে এ বিদ্যাপীঠ এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আশানুরূপ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
এ ব্যাপারে কথা হলে ইসলামপুর ত্রিপুরা বস্তির বাসিন্দা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ব্যবসায়ী আব্দুল্লাহ জানান, ২০০৩ সালে পূর্ব পরিকল্পনা অনুসারে গ্রামে আমরা আমাদের বাবার নামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করতে আগ্রহী হই। এরই ধারাবাহিকতায় আমরা সহোদর ভাইরা এ বিদ্যাপীঠের নামে ৩৩ শতক জায়গা রেজিস্টারি করে দেই।
গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম মুছা জানান, আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার শিশুদের ঝরে পড়া রোধ ও প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আব্দুর রাজ্জাক নামে একজন গ্রামবাসী জানান, দেড় কিলোমিটার দূরে রাধানগর গিয়ে আমাদের সন্তানরা লেখাপড়া করত। এখন সেই সমস্যার সমাধান হয়েছে। বিদ্যালয়কে জমি দান এবং সরকারের উদ্যোগে নতুন একটি সরকারি বিদ্যালয় স্থাপন করে এলাকার শিক্ষার মানোন্নয়নে ভূমিকা পালন করায় সরকারের প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য এবং বিদ্যালয়ের ভূমিদাতাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাস, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাটের প্রাথমিক শিক্ষা অফিসার মো. আফজাল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজরুল ইসলাম, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মিনহাজুর রহমান, শামীম আল-মামুন মনির, ব্যবসায়ী ইমরান হোসেন সুমন, আবু তাহের, আব্দুল্লাহ, যুবলীগ নেতা সুভাস দাস, মুজিবুর রহমান, আফাজ উদ্দিন প্রমুখ।