Sylhet Today 24 PRINT

সিলেটে বাংলালিংকের ফোরজি সেবা চালু

নিজস্ব প্রতিবেদক |  ০৮ মার্চ, ২০১৮

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক সিলেটে আনুষ্ঠানিকভাবে চালু করেছে ফোরজি সেবা।

বৃহস্পতিবার (৮ মার্চ) বিকেলে সিলেটের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে ফোরজি সেবা চালু করে বাংলালিংক। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সিলেটে বাংলালিংকের ফোরজি সেবা চালু করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, বি টু বি সেলস এন্ড ডিস্ট্রিবিউশনের রিজিওনাল ডিরেক্টর সৌমেন মিত্র, সিলেট বি টু বি সেলস এন্ড ডিস্ট্রিবিউশনের অ্যাক্টিং রিজিওনাল হেড সৈয়দ মোস্তফা আহমেদ, প্রতিষ্ঠানটির কর্মকর্তা, ডিস্ট্রিবিউটরসহ সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলন শেষে শোভাযাত্রার আয়োজন করে প্রতিষ্ঠানটি। নগরীর মেন্দিবাগ পয়েন্ট থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি জিন্দাবাজার ঘুরে মিরবক্সটুলাস্থ বাংলালিংকের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে ফোরজি সেবা চালু হওয়ায় নগরবাসীর জন্য নতুন মাত্রা যোগ হল। শুধু ব্যবসায়ীক চিন্তা না করে সিলেট নগরীর বর্তমান চিত্র পরিবর্তনে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দৈনিক কার্যক্রম মনিটর করতে বাংলালিংকের প্রযুক্তিগত সহযোগিতা চান মেয়র আরিফুল হক চৌধুরী।

গভীর রাত পর্যন্ত ইন্টারনেটে পরে থাকার কারণে নতুন প্রজন্মের লেখাপড়ায় ও চাকুরীজীবীদের দৈনন্দিন কাজে ব্যাঘাত সৃষ্টি হয় উল্লেখ করে রাত ১০/১১ টার দিকে কেন্দ্রীয় ভাবে ইন্টারনেট সেবা বন্ধের জন্য মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানান মেয়র।

অনুষ্ঠানে বাংলালিংক-এর চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম বলেন, সিলেটের বর্তমান উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার জন্য এ অঞ্চলে আধুনিক বিভিন্ন ডিজিটাল সেবার ব্যবহার নিশ্চিত করতে চাই আমরা। বাংলালিংক এ অঞ্চলের প্রযুক্তিগত উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য সব সময় প্রতিজ্ঞাবদ্ধ। আমি নিশ্চিত যে, সিলেটের সামগ্রিক উন্নয়নে ফোরজি একটি বড় ভূমিকা পালন করবে। আমি এ অঞ্চলের মানুষকে এই আধুনিক প্রযুক্তিকে গ্রহণ করার মাধ্যমে ডিজিটাল জীবনযাত্রা উপভোগ করার আহ্বান জানাচ্ছি।

ফোর জি সেবা চালুর পাশাপাশি সম্প্রতি বাংলালিংক ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের ৫ মেগাহার্টজ তরঙ্গ এবং ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের ৫.৬ মেগাহার্টজ তরঙ্গ ক্রয় করেছে। নতুনভাবে সংযোজিত তরঙ্গের কারণে বর্তমানে গ্রাহক প্রতি স্পেকট্রাম প্রদানের ক্ষেত্রে দেশের বেসরকারি অপারেটরগুলির মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলালিংক। এর ফলে বাংলালিংকের গ্রাহকরা আরও উন্নতমানের সেবা ও নিরবচ্ছিন্ন ডিজিটাল সংযোগ উপভোগ করতে পারবেন।

ফোরজি নেটওয়ার্ক দ্রুত গতির ইন্টারনেট প্রদানের মাধ্যমে এই অঞ্চলের গ্রাহকদের জন্য উচ্চ মানের বাফার-ফ্রি ভিডিও স্ট্রিমিং, ভিডিও কলিং, হাই ফিডেলিটি মিউজিক স্ট্রিমিং, অনলাইন গেইম, সোশাল নেটওয়ার্কিংসহ সব ধরনের ইন্টারনেট সেবার সুবিধা নিশ্চিত করবে। এছাড়া আর্থ-সামাজিক দৃষ্টিকোণ থেকে ফোরজি স্বাস্থ্যসেবা, ভিডিওর মাধ্যমে শিক্ষা গ্রহণ, যোগাযোগ ব্যবস্থা ও বিভিন্ন অর্থসেবার মান বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.