Sylhet Today 24 PRINT

রাত ১১টার পর ইন্টারনেট বন্ধের দাবি মেয়র আরিফের

নিজস্ব প্রতিবেদক |  ০৮ মার্চ, ২০১৮

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, গভীর রাত পর্যন্ত ইন্টারনেটে পড়ে থাকার কারণে নতুন প্রজন্মের লেখাপড়ায় ও চাকুরীজীবীদের দৈনন্দিন কাজে ব্যাঘাত সৃষ্টি হয়। প্রতিদিন রাত ১০/১১ টার দিকে কেন্দ্রীয়ভাবে ইন্টারনেট সেবা বন্ধ করা হলে মানুষের দৈনন্দিন কাজকর্ম সুচারুভাবে সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (৮ মার্চ) বিকেলে সিলেটের একটি হোটেলে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের সিলেটে ফোরজি সেবা চালু উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

সিলেটে ফোরজি সেবা চালু হওয়ায় নগরবাসীর জন্য নতুন মাত্রা যোগ হল উল্লেখ করে মেয়র আরিফুল হক চৌধুরী বাংলালিংককে উদ্দেশ্য করে সিলেট নগরীর বর্তমান চিত্র পরিবর্তনে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দৈনিক কার্যক্রম মনিটর করতে বাংলালিংকের প্রযুক্তিগত সহযোগিতা চান।

সংবাদ সম্মেলনে সিলেটে কর্মরত সাংবাদিকরা ছাড়াও উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, বি টু বি সেলস এ্যান্ড ডিস্ট্রিবিউশনের রিজিওনাল ডিরেক্টর সৌমেন মিত্র, সিলেট বি টু বি সেলস এ্যান্ড ডিস্ট্রিবিউশনের অ্যাক্টিং রিজিওনাল হেড সৈয়দ মোস্তফা আহমেদ, প্রতিষ্ঠানটির কর্মকর্তা, ডিস্ট্রিবিউটরসহ সংশ্লিষ্টরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.