মৌলভীবাজার প্রতিনিধি | ০৮ মার্চ, ২০১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক নিয়ে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলাকারী মাদক ব্যবসায়ী রাজন মিয়া (২৮) কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার জানাউরা করইতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
রাজন শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জানাউরা গ্রামের দুলাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সাংবাদিককে হত্যাচেষ্টা মামলা রয়েছে।
জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি সারাবাংলা.নেট ও জিটিভির জেলা প্রতিনিধি হৃদয় দেবনাথ মাদক ব্যবসা নিয়ে সংবাদ সংগ্রহণ করতে গেলে রাজন তার উপর হামলা চালায় । এ ঘটনায় রাজনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন সাংবাদিক হৃদয়। সেই মামলা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজনকে তার এলাকা থেকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সাংবাদিক হত্যাচেষ্টার মামলা রয়েছে।