শায়েস্তাগঞ্জ প্রতিনিধি | ১০ মার্চ, ২০১৮
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চাকরি দেওয়ার নাম করে ছয় লাখ টাকা নিয়ে প্রতারণার দায়ে কাউছার মিয়া (৩৮) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মার্চ) রাত সোয়া ১১টায় শায়েস্তাগঞ্জের সুতাং বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাউসার উপজেলার পুরাসুন্ধা গ্রামের শানু মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, প্রায় দুই বছর আগে হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার মতিন মিয়ার ছেলে ইমন মিয়ার কাছ থেকে বাংলাদেশ রেলওয়েতে গেট কিপার পদে চাকরি দেওয়ার নাম করে ৬ লাখ টাকা নেন কাউছার মিয়া। উত্তরা ব্যাংক সুতাং বাজার শাখার একটি ব্যাংকের চেক দিয়ে বলেন, চাকরি না হলে টাকা ফেরত দেওয়া হবে।
কিন্তু অনেক দিন যাওয়ার পরও চাকরি এবং টাকা কোনোটাই না পেয়ে ২০১৭ সালের ৮ জানুয়ারি আদালতে মামলা দায়ের করেন প্রতারণার শিকার ইমনের চাচা আব্দুল মালেক। পরে আদালত গত ২৪ জানুয়ারি কাউছার মিয়ার বিরুদ্ধে ছয় লাখ টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।
এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।