Sylhet Today 24 PRINT

মাধবপুরে যানবাহনে চাঁদাবাজি, জিম্মি চালকরা

মাধবপুর প্রতিনিধি |  ১০ মার্চ, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন সড়কে ছোট ছোট যানবাহনে চাঁদাবাজি চলছে। বিভিন্ন সংগঠনের নামে চাঁদাবাজির কারণে সাধারণ শ্রমিকরা জিম্মি হয়ে পড়েছে। এ নিয়ে পরিবহন শ্রমিক লীগ ও টেম্পু-সিএনজি শ্রমিক সমবায় সমিতির মধ্যে মামলা-পাল্টা মামলা অফিস দখল ও মারামারির ঘটনা এবং শ্রমিক ধর্মঘটের ঘটনা ঘটছে। ধর্মঘটের কারণে মাধবপুর-হরষপুর-ছাতিয়াইন-বুল্লা-তেলিয়াপাড়া এলাকার সাধারণ যাত্রীরা পড়েছেন ভোগান্তির মধ্যে।

বৃহস্পতিবার (৮ মার্চ) পরিবহন শ্রমিক লীগের সংগঠনের লোকজন টেম্পু সমবায় সমিতির শ্রমিক নেতা আব্দুল খালেক ও সেলিম মিয়াকে মারধরের ঘটনায় গত তিন দিন ধরে বিভিন্ন সড়কে সিএনজি অটোরিক্সা টেম্পু চলাচল বন্ধ রয়েছে।

মাধবপুর পরিবহন শ্রমিক লীগের নেতৃত্বে রয়েছেন আনোয়ার হোসেন গোল্ডেন। তাঁর নেতৃত্বে সংগঠনের লোকজন অনেকদিন ধরে সাধারণ শ্রমিকদের কাছ থেকে সংগঠনের নামে চাঁদা উত্তোলন করছেন। কিন্তু সমবায় সমিতির লোকজন পরিবহন শ্রমিক লীগের সংগঠনের লোকজনকে চাঁদা দিতে বাধা প্রদান করেন।

এদিকে টেম্পু সমবায় সমিতির লোকজনও দীর্ঘদিন ধরে সাধারণ শ্রমিকদের কাছ থেকে প্রতিদিন ২০ টাকা হারে চাঁদা উত্তোলন করছেন। এছাড়া সাতবর্গ বাসস্ট্যান্ডেও টেম্পু সিএনজি চালকদের চাঁদা দিতে হয়। তিন জায়গায় চাঁদা দিয়ে শ্রমিকদের বিভিন্ন রাস্তায় গাড়ী চালাতে হচ্ছে। এ নিয়ে একাধিকবার শ্রমিক সংগঠনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

সম্প্রতি পরিবহন শ্রমিক লীগ ও টেম্পু সমবায় সমিতির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। টেম্পু সমবায় সমিতির সভাপতি হন বিএনপি নেতা আলাই মিয়া এবং পরিবহন শ্রমিক লীগের সভাপতি হন ফজর আলী। সম্প্রতি পরিবহন শ্রমিকলীগের লোকজন চালকদের কাছ থেকে সংগঠনের চাঁদা উত্তোলন করতে গেলে টেম্পু শ্রমিক সমবায় সমিতির লোকজন বাধা দেয়। এ নিয়ে সংঘর্ষে টেম্পু শ্রমিক সমবায় সমিতির দু সদস্য আব্দুল খালেক ও সেলিম মিয়া আহত হন। এর প্রতিবাদে বৃহস্পতিবার থেকে বিভিন্ন সড়য়ে সিএনজি অটোরিক্সা চলাচলে বাধা দিচ্ছেন সমবায় সমিতির লোকজন।

টেম্পু সমবায় সমিতির সভাপতি আলাই মিয়া বলেন, সমিতির দুই সদস্যকে মারধরের ঘটনায় আব্দুল খালেক বাদি হয়ে পরিবহন শ্রমিক লীগের নেতাদের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। দীর্ঘদিন ধরে পরিবহন শ্রমিক লীগের নামে কিছু লোক সাধারণ চালকদের কাছ থেকে চাঁদাবাজি করছে। এছাড়া সমবায় সমিতির অফিস কক্ষে অবৈধভাবে তালা দিয়ে রেখেছে। এর প্রতিবাদে বিভিন্ন সড়কে সাধারণ শ্রমিকরা টেম্পু, সিএনজি চলাচল বন্ধ রেখেছে।

মাধবপুর পরিবহন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন গোল্ডেন বলেন, সমবায় সমিতির নামে শ্রমিকদের কাছ থেকে চাঁদা উত্তোলনের কোন নিয়ম নেই। তারা নিয়ম বহির্ভূতভাবে দীর্ঘদিন ধরে সমিতির নামে চাঁদা উত্তোলন করছেন। যা শ্রমবিধি অনুযায়ী বৈধ নয়। এছাড়া টেম্পু সমবায় সমিতির কোন অফিসে পরিবহন শ্রমিক লীগের লোকজন তালা দেয়নি।

সাধারণ শ্রমিকদের অভিযোগ দুই সংগঠনের যাঁতাকলে পড়ে আমাদের সর্বনাশ হয়েছে। সারা দিন কঠোর পরিশ্রম করে যে পয়সা উপার্জন করি তা তিন জায়গায় চাঁদা দিতে হয়। এছাড়া মারামারির কারণে আতংকের মধ্যে থাকি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান, বর্তমানে বিভিন্ন সড়কে সিএনজি চলাচল স্বাভাবিক রয়েছে। তাদের দ্বন্দ্বটি মিটিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি এরপর থেকে সাধারণ শ্রমিকদের কোন ভোগান্তি থাকবে না। তাছাড়া অবৈধভাবে সাধারণ শ্রমিকদের জিম্মি করে কোন দল চাঁদাবাজি করলে আইন অনুযায়ী কঠোর হস্তে দমন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.