নিজস্ব প্রতিবেদক | ১১ মার্চ, ২০১৮
অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর হাসানের বাবা মাওলানা আতিকুর রহমান, মা মিনারা বেগম ও মামা ফজলুর রহমানকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
রোববার সিলেট মহানগর হাকিম আদালতের বিচারক হরিদাস কুমার বাবা ও মামার ৫ দিনের এবং মায়ের ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রোববার দুপুরে আদালতে এই তিনজনকে হাজির করে সাত দিনের করে রিমান্ড চাওয়া হয়েছিলো বলে জানান এই মামলার তদন্তকারী কর্মকর্তা ও জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান।
এরআগে গত বৃহস্পতিবার একই আদালতে ফয়জুর হাসানকে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
গত ৩ মার্চ শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে লেখক ও শিক্ষবিদ মুহম্মদ জাফর ইকবালের উপর হামলা হয়। হামলার পরই হাতেনাতে ফয়জুর হাসানকে আটক করে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। পরে র্যাব তাকে উদ্ধার করে নিয়ে আসে। ৪ মার্চ ফয়জুরকে পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। এরপর থেকে সে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে রিমান্ডে নেয় পুলিশ।
এদিকে, ঘটনার রাতেই কুমারগাও এলাকার শেখপাড়া বাড়ি থেকে ফয়জুরের মামা ফজলুরকে আটক করে পুলিশ। ৪ মার্চ রাতে ফয়জুরের বাবা মাওলানা আতিকুর রহমান, মা মিনারা বেগম থানায় আত্মসমর্পন করেন।
হামলার পর আহত জাফর ইকবালকে প্রথম সিলেট ওসমানী হাসপাতালে ও পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। জাফর ইকবাল বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর অবস্থা এখন অনেকটাই উন্নতির দিকে।