Sylhet Today 24 PRINT

কাতারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত কুলাউড়ার রাজু

কুলাউড়া প্রতিনিধি |  ১২ মার্চ, ২০১৮

মধ্যপ্রাচ্যের কাতারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আফছার উদ্দিন চৌধুরী রাজু (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৯ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে সোমবার (১২ মার্চ) সকালে নিহতের চাচাতো ভাই রাকিব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত আফছার উদ্দিন চৌধুরী রাজু কাতার পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত ছিলেন। আসামি গ্রেপ্তারে অভিযানে গিয়ে ভিয়েতনামের নাইজেরিয়ান দুর্বৃত্তদের হাতে প্রাণ হারান তিনি।

নিহতের চাচাতো ভাই রাকিব চৌধুরী জানান, রাজুর লাশ কাতারের দোহায় হামাদ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার সময় রাজুর সঙ্গে  থাকা আহত কাতারের আরও তিন পুলিশকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, রাজু ২০১৪ সালে  কাতারে যান। সেখানে তিনি সিআইডি পুলিশে চাকরি করতেন। তার মা-বাবা ও এক বোন রয়েছে। রাজুর মৃত্যুতে তার বাড়িতে শোকের মাতম চলছে।

রাজুর বাবা আব্দুল আউয়াল চৌধুরী বলেন, ‘আমার ছেলের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।’

রাজুর বড় চাচা আব্দুল আহাদ বলেন, ‘আমার একমাত্র ভাতিজা রাজুর মৃতদেহ কাতারের দোহায় হামাদ হাসপাতালে পড়ে থাকতে দেখে সেখানকার পরিচিত একজন ফোন করে বাড়িতে খবর দেন। তার মৃতদেহ দেশে আনার জন্য কাতারের রাষ্ট্রদূত বরাবর আবেদন করা হয়েছে।’


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.