Sylhet Today 24 PRINT

২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশ হবো: আসাদুজ্জামান নূর

নবীগঞ্জ প্রতিনিধি |  ১২ মার্চ, ২০১৮

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে প্রবেশ করতে যাচ্ছি। আনুষ্ঠানিকভাবে আমরা ২০২১ সালে মধ্যম আয়ের দেশে পরিণত হবো।

রোববার (১১ মার্চ) বিকালে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এ দেশের গরীব দু:খী মানুষের মুখে হাসি ফুটানো। এটাকে বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খাঁন এমপি, জেলা পরিষদের প্রশাসক ডা. মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, এডিশনাল এসপি আ.স.ম সামছুল হক ভূঁইয়া, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু প্রমুখ। এছাড়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.