Sylhet Today 24 PRINT

বড়লেখার দুর্গম পাহাড়ি এলাকায় মা ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান

বড়লেখা প্রতিনিধি |  ১২ মার্চ, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা বোবারতলে গর্ভবতী মা ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার (১২ মার্চ) বিকেলে বোবারতল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ বড়লেখা উপজেলা কার্যালয়ের উদ্যোগে এ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

চিকিৎসা সেবা প্রদান করেন বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমদ হোসেন।

এ সময় উপস্থিত রোগীর রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ ও রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। ১৮ জন গর্ভবতী নারী এবং ৬০ জন শিশু ও নারীকে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমদ হোসেন জানান, এলাকাটি দুর্গম হওয়ায় এলাকার নারী ও শিশুরা উপজেলা সদরে এসে চিকিৎসা নিতে পারে না। যে কারণে ওই এলাকাতে গিয়ে তাদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এটা ধারাবাহিকভাবে চলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.