ছাতক প্রতিনিধি | ১২ মার্চ, ২০১৮
ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, উন্নয়নের পাশাপাশি খেলাধুলায়ও এ দেশ এগিয়ে যাচ্ছে। দেশরত্ন শেখ হাসিনা দেশের ক্রীড়া ক্ষেত্রকে এগিয়ে নিতে সার্বিক সুবিধা দিয়ে যাচ্ছেন। খেলোয়াড়দের উৎসাহিত করতে সর্বক্ষেত্রে পর্যাপ্ত বরাদ্ধ রেখেছে সরকার। সরকারের উৎসাহ-উদ্দীপনায় এদেশের খেলোয়াড়রা বিশ্বমানের ক্রীড়া-নৈপুণ্য প্রদর্শন করতে পারছে।
সোমবার (১২ মার্চ) বিকেলে গোবিন্দগঞ্জ অনার্স-ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বর্তমানে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। এদেশের ক্রিকেটাররা বিশ্বের যেকোনো দেশের ক্রিকেট টিমকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়ার সামর্থ্য রাখে। খেলাধুলার পাশাপাশি দেশের উন্নয়ন নিশ্চিত করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ দেশকে একটি নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের মাধ্যমে জঙ্গিমুক্ত ও ক্ষুধামুক্ত দেশ গড়তে আবারো শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে সকলের প্রতি আহবান জানান তিনি। এসময় কলেজের অবকাঠামো উন্নয়নে সরকারী অর্থায়নে একটি ছাত্রাবাস স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।
কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিকের সভাপতিত্বে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামসুন নাহার বেগম এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান কৃপাসিন্ধু দাসের পরিচালনায় কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কলেজ পরিদর্শক ড. সৈয়দ মোজাম্মেল হোসেন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংস্কৃতি কমিটির আহবায়ক অধ্যাপক জান্নাত আরা খান, ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক আমিন উদ্দিন, অধ্যাপক কৃপাসিন্ধু দাস, বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মহি উদ্দিন, কলেজের গভর্নিং বডির সদস্য, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক তাপস দাস পুরকায়স্থ ও মুক্তিযোদ্ধা তৈয়ব আলী।
এসময় গভর্নিং বডির সদস্য এড. আবুল কালাম, মাসুদুর রউফ শাহীন, মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, আব্দুল খালিক, প্রবাসী নূরুল আমিন মানিক উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী অলিউর রহমান ও গীতা পাঠ করেন শিক্ষার্থী অজিত মনি দাস। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।