Sylhet Today 24 PRINT

বিধ্বস্ত বিমানের পাশে সিলেটের ফ্যাশন হাউসের শপিংব্যাগ

নিজস্ব প্রতিবেদক |  ১২ মার্চ, ২০১৮

নেপালে বিধ্বস্ত হওয়া ইউএস বাংলার উড়োজাহাজের পাশে সিলেটের একটি ফ্যাশন হাউসের শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে। ওই শপিং ব্যাগের পাশেই ছিলো মেডিকেল কলেজের শিক্ষার্থীদের একটি পাঠ্যবই।

দুর্ঘটনার পর বিধ্বস্ত বিমানের পাশে পড়ে থাকা এই শপিং ব্যাগ ও বইয়ের ছবি ফেসবুকে অনেকে প্রচার করেন।

ওই ছবিতে দেখা যায়, বিধ্বস্ত বিমানের পাশেই পড়ে রয়েছে সিলেট নগরীর শুকরিয়া মার্কেটের অপরূপা ফেব্রিক্সের একটি শপিং ব্যাগ। ওই শপিং ব্যাগের পাশে মেডিকেল কলেজের একটি বই পড়ে থাকায় ধারণা করা হচ্ছে শপিং ব্যাগটি মেডিকলে কলেজের কোনো শিক্ষার্থীর হতে পারে।

দুর্ঘটনাকবলিত বিমানের যাত্রী ছিলেন সিলেটের জালারাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ নেপালী শিক্ষার্থীরা। তাদের বেশিরভাগই মারা গেছেন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, সোমবার (১২ মার্চ) দেশটির নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে  অবতরণের সময় স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের এ ঘটনায় এখন পর্যন্ত ৫০জন প্রাণহানির খবর নিশ্চিত করেছে নেপালের গণমাধ্যমগুলো।

এই বিমানে যাত্রী ছিলেন রাগীব রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী- সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্নিমা লোহানি, শ্রেতা থাপা, মিলি মহারজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা বারাল, চুরু বারাল, শামিরা বেনজারখার, আশ্রা শখিয়া ও প্রিঞ্চি ধনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.