নিজস্ব প্রতিবেদক | ১৩ মার্চ, ২০১৮
লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমানের ভাই এনামুলের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে এনামুলকে সিলেটের মহানগর হাকিম-৩ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান। শুনানি শেষে আদালতের বিচারক হরিদাস কুমার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে রিমান্ডের সত্যতা নিশ্চিত করেন।
প্রসঙ্গত, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমানের ভাই এনামুলকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল। এসময় তার কাছে থাকা ফয়জুরের ব্যবহৃত মোবাইল ফোন ও ট্যাব উদ্ধার করে পুলিশের বিশেষ এ ইউনিট।
গত ৩ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ফয়জুর ছুরি নিয়ে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চালান। হামলার পরপরই ফয়জুর নামে ওই তরুণকে ধরে ফেলে শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে র্যাব তাকে উদ্ধার করে পুলিশের হাতে হস্তান্তর করে।
পরে বৃহস্পতিবার (৮ মার্চ) আদালতে হাজির করে ফয়জুরের ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার ওসি শফিকুর রহমান। আদালতের বিচারক হরিদাস কুমার ১০ দিনেরই রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে গত রোববার (১১ মার্চ) মামলার তদন্তের স্বার্থে হামলাকারী ফয়জুর হাসানের বাবা মাওলানা আতিকুর রহমানকে ৫ দিনের, মা মিনারা বেগমকে ২ দিনের ও মামা ফজলুর রহমানকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ।