সিলেটটুডে ডেস্ক | ১৪ মার্চ, ২০১৮
আজ ১৪ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস (ইন্টারন্যাশনাল ডে অব অ্যাকশন ফর রিভারস) । বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর পক্ষ থেকে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০১৮ উপলক্ষে সিলেট বিভাগের চার জেলা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে একাধিক কর্মসুচী পালন করা হচ্ছে ।
এছাড়া ঢাকা'সহ দেশের বিভিন্ন জেলায় পরিবেশবাদী বিভিন্ন সংগঠন নানা কর্মসুচি পালন করবে ।
আজ সন্ধা ৬ ঘটিকায় সিলেটে কবি নজরুল অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-সিলেট শাখা, সুরমা রিভার ওয়াটারকিপার ও কথাকলি, সিলেট-এর যৌথ উদ্যোগে "অভিন্ন নদী, অভিন্ন সংস্কৃতি" শীর্ষক সাংস্কৃতিক সমাবেশ আয়োজন করা হবে । এতে সুরমা-বরাক উপত্যকার সাংস্কৃতিক সংগঠকেরা নদীরক্ষা্র সংগ্রামে সংহতি প্রকাশ করবেন ।
বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় 'হাওর অঞ্চলের নদ-নদীর নাব্যতা ফেরানো ও বাঁধের কাজে দূর্নীতি বন্ধে কার্যকর ব্যাবস্থা গ্রহণের দাবীতে' সুনামগঞ্জ জেলার তাহিরপুরে 'যাদুকাটা নদী তীরে গণঅবস্থান কর্মসূচি' পালন করা হবে । এছাড়া যাদুকাটা নদীতীরে রাতব্যাপী অনুষ্ঠিত হবে রিভার ক্যাম্পিং ।
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস নদীর প্রতি জবাবদিহি করার দিন । দিবসটি মানুষকে নদী সম্পর্কে জানায় । প্রতি বছর নানান আয়োজনে বিশ্বের দেশে দেশে এই দিনে নদী রক্ষায় নতুন করে শপথ নেয় মানুষ । নদীর সাথে সংগঠিত অন্যায়ের প্রতিবাদ হয় । নদী সংগ্রামের অর্জিত সাফল্যে উৎসব হয় ।
১৯৯৭ সালে ব্রাজিলে কুরিতিবা শহরে এক সমাবেশ থেকে নদীর প্রতি দায়বদ্ধতা মনে করিয়ে দেওয়ার লক্ষে এ দিবস পালনের সিদ্ধান্ত হয়। সেই সমাবেশে একত্র হয়েছিলেন বিভিন্ন দেশে বাঁধের বিরূপ প্রতিক্রিয়ার শিকার জনগোষ্ঠীর প্রতিনিধিরা । তাইওয়ান, ব্রাজিল, চিলি, লেসোথো, আর্জেন্টিনা, থাইল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র থেকে ঐ সম্মেলনে অংশগ্রহণকারীরা ১৪ মার্চকে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস হিসেবে পালনের ঘোষণা দেন। এবার পালিত হচ্ছে ২০ তম নদীকৃত্য দিবস। বাংলাদেশে নদীকৃত্য দিবস উদযাপন শুরু হয় ২০০৬ সাল থেকে । সিলেটে ২০০৮ সাল থেকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এই দিবস নিয়মিতভাবে উদযাপন করে যাচ্ছে ।