Sylhet Today 24 PRINT

হামলাকারীর প্রতি কোন ক্ষোভ নেই, তাকে ক্ষমা করে দিয়েছি: জাফর ইকবাল

নিজস্ব প্রতিবেদক |  ১৪ মার্চ, ২০১৮

হামলাকারীর প্রতি তাঁর কোনো ক্ষোভ নেই। তাকে ক্ষমাও করেদিয়েছেন বলে জানিয়েছেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

হামলার শিকাার হয়ে ১০ দিন ঢাকায় চিকিৎসাধীন থাকার পর বুধবার দুপুরে সিলেট পৌছেন এই শিক্ষাবিদ।

সিলেট ফিরে ওসমানী বিমানববন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাঁর উপর হামলাকারী ফয়জুর হাসান সম্পর্কে জাফর ইকবাল বলেন, ওই ছেলেটার প্রতি আমার কোন ক্ষোভ নেই, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। এরকম কিছু ছেলেকে তারা বিভ্রান্ত করছে। আমি শুধু চাই আর কোন ছেলে যেনো আর তৈরি না হয়। তাদের যেনো কেউ বিভ্রান্ত করতে না পারে। কেউ যেনো ওই পথে না যায়। এই কাজটি আমাদেরন সবাইকে করতে হবে।

আমি মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছি। ঘারের আঘাতটা যদি আরো দুই ইঞ্চি এদিক-ওদিক হতো তাহলে গুরুত্বপূর্ণ একটি রগ ছিঁড়ে আর রক্তপাত থামানো যেতো না। কাজেই আমি মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি। আমি এখন কারো শাস্তি দাবি করছি না। আমার ভেতর কোনো প্রতিহিংসা নাই। বাকীটা আইনের বিষয়।

জাফর ইকবাল বলেন, আমি হাসপাতালের বিছানায় শুয়েই জানতে পেরেছি আমার জন্য সারা দেশের মানুষ রাস্তায় নেমেছে। তারা আমার জন্য দোয়া করেছে। তাদের সকলের প্রতি আমার শুভকামনা। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আমার জন্য খুব উদগ্রীব ছিলো। তাই আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়েই প্রথম এখানে ছুটে এসেছি। আমি শিক্ষার্থীদের সাথে হাজির হয়ে শুধু একথা জানাতে চাই- আমি এখন সুস্থ আছি। তোমরা উদগ্রীব হয়ো না।

পুলিশের উপস্থিতিতে হামলার ঘটনা ঘটলেও পুলিশের উপর কোনো ক্ষোভ নেই বলে জানান জাফর ইকবাল। বরং পুলিশের প্রশংসা করে বলেন, সেদিন কাছাকাছি পুলিশের একটি গাড়ি না থাকলে আমাকে হয়তো এতো তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া সম্ভব হতো না।

সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার (১৪ মার্চ) সকালে সেখান থেকে ছাড়পত্র পেয়ে দুপুর পৌনে ১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
সেখান থেকে সরাসরি চলে যান প্রিয় শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিমানবন্দরেই শাহজালাল বিশ্ববিদ্যািলয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাসসহ শিক্ষকরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। আর জাফর ইকবালের সাথে ঢাকা থেকে সিলেট আসেন তাঁর স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক।

এর আগে সকাল সাড়ে ১০টায় জনপ্রিয় এ লেখককে চিকিৎসা শেষে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)  ছাড়পত্র দেওয়া হয়।

পরে সেখান থেকে তিনি সরাসরি চলে যান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বেলা ১২টায় নভো-এয়ারের একটি ফ্লাইটে করে তিনি ঢাকা ত্যাগ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.