Sylhet Today 24 PRINT

শাবি আমার বিশ্ববিদ্যালয়, আমি আজীবন এখানে থাকতে চাই: জাফর ইকবাল

নিজস্ব প্রতিবেদক |  ১৫ মার্চ, ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)কে নিজের বিশ্ববিদ্যালয় উল্লেখ করে এই বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, 'এটি আমার বিশ্ববিদ্যালয়। আমি আজীবন এখানে থাকতে চাই।'

বৃহস্পতিবার দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে এমনটি বলেন জাফর ইকবাল।

আগামী অক্টোবরেই অবসরে যাওয়ার কথা অধ্যাপক জাফর ইকবালের। এরপরেও এই বিশ্ববিদ্যালয়ে থাকবেন কী না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাফর ইকবাল বলেন, শাবি আমার বিশ্ববিদ্যালয়। আমি এখানে আজীবন থাকতে চাই। অক্টোবরের পর আমার চাকরীর মেয়াদ না বাড়লেও আমি এখানে থাকবো। আমি থাকতে চাইলে নিশ্চয়ই কেউ আমাকে বের করে দেবে না।

গত ৩ মার্চ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে হামলার শিকার হন জনপ্রিয় এই লেখক। এরপর ঢাকায় চিকিৎসা শেষে ১১ দিন পর বুধবার শাবি ক্যাম্পাসে ফিরেন জাফর ইকবাল। বুধবার মুক্তমঞ্চে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। বৃহস্পতিবার দুপুরে আবার বিমানযোগে ঢাকায় ফিরে যান।

ঢাকায় যাওয়ার আগে শাবি ক্যাম্পাসে সাংবাদিকদের সাথে আলাপকালে জাফর ইকবাল বলেন, দেশের সকল মানুষ ও আমার শিক্ষার্থীদের ভালোবাসা এবং দোয়ায় আমি সুস্থ হয়ে ফিরে এসেছি। আমি সকলের কাছে কৃতজ্ঞ।

তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসলে দেশও তার প্রতিদান দেবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.