Sylhet Today 24 PRINT

বরইকান্দির বাবুল হত্যা মামলায় নিরপরাধীদের আসামি করা হয়েছে

সংবাদ সম্মেলনে নিহত মাসুক মিয়ার ভাইয়ের অভিযোগ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০১৮

সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দিতে সংঘর্ষে নিহত বাবুল মিয়ার ভাই সেবুলের দায়েরকৃত মামলায় অনেক নিরীহ ও নিরপরাধ মানুষকে আসামি করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। হত্যার সাথে যাদের নুন্যতম সম্পৃক্তা নেই তাদেরকে মামলায় আসামি করে ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে।

সংঘর্ষে নিহত অপর ব্যক্তি মাসুক মিয়ার ভাই ফারুক আহমদ বৃহস্পতিবার (১৫ মার্চ) সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।   

লিখিত বক্তব্যে ফারুক আহমদ বলেন, তাদের পৈত্রিক নিবাস সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের রায়েরগাঁও গ্রামে। তার ভাই মাসুক আহমদ ছোট বেলা থেকেই বরইকান্দিতে মামার বাড়িতে বসবাস করেন। ঘটনার দিন সস্ত্রীক তিনি সেখানে ছিলেন। ভোরবেলা চিৎকার চেচামেচি শুনে ঘুম থেকে উঠে বাইরে আসেন তিনি। এসময় হামলাকারীদের নিবৃত্ত করতে মধ্যস্থতার লক্ষ্যে সামনে এগুলে আলফু মিয়ার লোকজন তার ভাইকে গুলি করে হত্যা করে। ভাই হারানোর শোকে দিশেহারা যখন ঠিক তখনই একটি মহল হত্যাকাণ্ড নিয়ে ফায়দা হাসিলের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন ফারুক আহমদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংঘর্ষে নিহত বাবুলের ভাই সেবুল তাদের সাথে কোনো যোগাযোগ না করেই দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত নয় এমন অনেককে আসামি করা হয়েছে, শুধুমাত্র হয়রানি করে তাদের কাছ থেকে ফায়দা হাসিলের জন্য।

সংবাদ সম্মেলনে ফারুক আহমদ তার নিহত ভাইকে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র থেকে বিরত থাকতে অনুরোধ করেন। একই সঙ্গে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জালালাবাদ ইউপি আওয়ামী লীগের সভাপতি মছদ্দর আলী, সাধারণ সম্পাদক আশ্রব আলী, তোয়াব আলী, ফারুক আহমদ, কালাম আহমদ, এম রশিদ আহমদ, এডভোকেট বনশ্রী দাস অপু, অরুণ দেবনাথ সাগর, একে এম মাহমুদুল হাসান সানী, মিফতাহুল হোসেন লিমন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.