Sylhet Today 24 PRINT

আম্বরখানায় ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১৬ মার্চ, ২০১৮

সিলেট নগরীর আম্বরখানায় ছাদ থেকে পড়ে মারা গেছেন মদন মোহন কলেজের ছাত্র রাসেল আহমদ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে আম্বরখানার বরকতিয়া ভবনের সামনে এ ঘটনা ঘটে। নিহত রাসেলের গ্রামের বাড়ি মৌলভীবাজারে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরকতিয়া ভবনে ব্যাচেলররা মেস করে থাকেন। কলেজ ছাত্র রাসেলও ওই ভবনের একটি কক্ষে থাকতেন। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে তিনি পা পিছলে ওই ভবনের ছাদ থেকে পড়ে যান। এসময় তিনি সড়কের পাশের বৈদ্যুতিক তারে গিয়ে পড়েন। এতে তার ছিড়ে রাসেলের পুরো শরীর পুড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কলেজ ছাত্রের মৃত্যুর খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাসেলের মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যায়।

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশররফ হোসেন জানান, বিদ্যুতের তারে জড়িয়ে এক যুবকের মৃত্যুর খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.